বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর আগা এলাকায় একটি ইটভাটায় অভিযান চালাতে যাওয়ার পথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ইটভাটা শ্রমিক ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় চকোরিয়া থেকে মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের ৭ জন সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের অংশে ৫০ জনেরও অধিক নারী-পুরুষ আহত হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাকসহ মোট ৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ইটভাটার ৮ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এই নিয়ে গত ৪ দিন ধরে ইটভাটায় অভিযানের সময় বাধার মুখে পড়ল প্রশাসন।
পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম, আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ, এবং লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়।
সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করেছে। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাংচুর করেছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে তাদের অংশে ৮ জন নারী-শিশু সহ মোট ৫০ জনেরও অধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনেরও অধিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেককে আটক করা হয়েছে। শ্রমিকদের বাধার মুখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান না করেই ফিরে যায়।

