বেলাল আহমদ (বান্দরবান): পরিবেশ সংরক্ষণ ও পাহাড়ধস প্রতিরোধে বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধ পাহাড় কাটা রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আলীকদম উপজেলাধীন ১ নম্বর সদর ইউনিয়নের পাহাড়তলী পাড়া এলাকায় আলীকদম সেনা জোনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন।
রবিবার (১৪ ডিসেম্বর) আলীকদম সেনা জোনের আওতাধীন জোন সদর থেকে উত্তর-পূর্বে আনুমানিক ৩ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়তলী পাড়া এলাকায় ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে রাত ০০:৩০টা থেকে ০২:৩০টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধভাবে স্ক্যাভেটর দিয়ে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় দুইজন ব্যক্তিকে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাটি বোঝাই তিনটি ছোট ট্রাক ও একটি স্ক্যাভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযুক্ত ব্যক্তি ও আটককৃত যানবাহনসমূহ আলীকদম থানা পুলিশের সহায়তায় থানার হেফাজতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনসমূহ অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাহাড়ে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতের পাশাপাশি পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আলীকদম সেনা জোন কঠোর অবস্থান নিয়েছে। এ ধরনের পদক্ষেপ স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আলীকদম জোন কমান্ডার।

