দোহার (ঢাকা): ঢাকার দোহারে এক ইসলামী মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও দেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত ব্যক্তিত্ব মুফতি ফয়জুল করিম। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) এশার নামাজের পর দোহার উপজেলার নারিশা পশ্চিমচর উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। দোহার থানা মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিলটির আয়োজন করা হয়েছে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দোহার থানা মুজাহিদ কমিটির সদর সভাপতি মুফতি মাসউদুর রহমান সিদ্দিকী।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে কোরআন-সুন্নাহভিত্তিক আলোচনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে দোহারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

