সর্বশেষ :
19 Oct 2026, Mon

অনলাইন ফাঁদে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা আত্মসাৎকারী গ্রেফতার

অনলাইন ফাঁদে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা আত্মসাৎকারী গ্রেফতার, কালের বার্তা

কুমিল্লা: অনলাইন প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাসকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে কুমিল্লা জেলার দেবিদ্বার থানা এলাকার একজন ভুক্তভোগী নারী র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভুক্তভোগীর টিকটক আইডিতে নক করে তার সাথে যোগাযোগ স্থাপন করে এবং অনলাইনে চাকরির প্রলোভন দেখায়।

  • তথ্য সংগ্রহ: রেজিস্ট্রেশনের কথা বলে প্রতারক চক্রটি ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও কিছু ছবি সংগ্রহ করে।

  • অশ্লীল কনটেন্ট তৈরি: সংগৃহীত ছবিগুলো এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করা হয়।

  • চাঁদা দাবি ও অর্থ আত্মসাৎ: এই ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা আত্মসাৎ করে।

  • ফেসবুক হ্যাক: টাকা দেওয়ার পরও প্রতারকরা আরও টাকা দাবি করলে ভুক্তভোগী অপারগতা প্রকাশ করেন। এর ফলে বিবাদীরা ভুক্তভোগীর ফেসবুক আইডি হ্যাক করে প্রোফাইল পিকচারে তার নগ্ন ছবি আপলোড করে এবং পরিবারের সদস্যদের কাছেও ভিডিও পাঠায়।

ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বাড়ায়। গোয়েন্দা নজরদারী, তথ্য-প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত মূল হোতা মোঃ আব্বাসকে (৩৮), পিতা-মৃত আবুল কালাম, সাং-দক্ষিণ আড়ালিয়া, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা’কে গ্রেফতার করা সম্ভব হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মো. আব্বাস একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতা। সে তার চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ এই ধরনের প্রতারণা চালিয়ে আসছিল।

  • সে নারীদের অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করত।

  • এরপর ফেসবুক ও অন্যান্য আইডি হ্যাকের মাধ্যমে পর্নগ্রাফী তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, র‍্যাব-১১ গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধীসহ ২৭৫ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৯০ জন, ধর্ষণ মামলায় ৯৮ জন, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতার করেছে। এছাড়াও তারা মাদক কারবারি, অপহরণকারী, ছিনতাইকারী ও ডাকাতসহ মোট ৫৮৩ জনেরও বেশি অপরাধীকে আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *