শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা প্রেসক্লাবে কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ও তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টায় তালা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক বলেন, মানুষ যখন নীতি-নৈতিকতা বিসর্জন দেয়, তখন তারা আর মানুষ থাকে না। মানুষের হক আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছি। পরস্পরের আলোচনার মাধ্যমে সকল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পদ চেয়ে নেওয়া ইসলামের পরিপন্থী। জামায়াতে ইসলামীর কেউ নিজে প্রার্থী হয় না, সংগঠন প্রার্থী ঘোষণা করলে নির্বাচন করতে হয়।
তিনি আরও বলেন, নির্বাচন করার মতো যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা নেই। তবে এ উপজেলার জনগণের সঙ্গে আমার সম্পর্ক খুবই গভীর। আমি বিশ্বাস করি, আমি নির্বাচন করলে কোনো পোস্টার লাগবে না। আমাদের মধ্যে বিভিন্ন ধর্ম, বর্ণ ও ভিন্ন মতাবলম্বী মানুষ রয়েছে। কারও সঙ্গে খারাপ ব্যবহার বা গালাগালি করা যাবে না। যদি দল দায়িত্ব দেয় এবং নির্বাচিত হতে পারি, তাহলে বর্তমান এমপি মহোদয়ের সহযোগিতায় তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা পানি কমিটির মীর জিল্লুর রহমান ও তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন জি এম খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার, সহ-সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক এস এম মতাহিরুল হক শাহীন, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকান্দার আবু জাফর বাবু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, নির্বাহী সদস্য রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, মহিবুল্লাহ মুহিব, মিলন গোলদার প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলকে তালা-কলারোয়া আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর পক্ষ থেকে আম পরিবেশন করা হয়।

