আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা-এ ঈদে পশু জবাই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঈদের আগের দিন থেকেই কোরবানির পশুকে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে। এছাড়া কোরবানির পশুগুলোকে অবশ্যই ঈদের আগের দিন ভালোভাবে গোসল করাতে হবে- এমন পরামর্শমূলক বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী।
বুধবার দিনব্যাপী উপজেলার ৩০ জন চামড়া ব্যবসায়ীকে নিয়ে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং বিনামূল্যে প্রদানকৃত লবণ যথানিয়মে প্রয়োগ বিষয়ে উপজেলার সব চামড়া ব্যবসায়ীকে সচেতন করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন চামড়া ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কোরবানির পশুর চামড়া কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কীভাবে চামড়া সংরক্ষণ করতে হবে, তা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে বলেও জানান তিনি।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. ফয়সাল রাব্বি কর্মশালায় পশু জবাই বিষয়ে বক্তব্য রাখেন।

