পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধা জেলার পুলিশ সুপার জসিম উদ্দিন-এর নির্দেশে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ১২ মে মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা মধ্যপাড়া এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টা, নারী ও শিশু নির্যাতনসহ প্রায় ১০ মামলার আসামি ইসরাফিল ইসলাম ওরফে কিনু ও মেহেদী হাসান মেনারুলসহ ২ জনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসরাফিল ইসলাম ওরফে কিনু পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামের মৃত ছাত্তার সরকারের ছেলে এবং মেহেদী হাসান মেনারুল একই উপজেলার ঘোড়াবান্ধা মধ্যপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে ডিবি পুলিশ একই স্থানে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি ও শান্তি বিনষ্টের অভিযোগে সাদনান আহমেদ শুভ ও সবুজ সরকার নামে পৃথক ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার পুটিমারী গ্রামের সাইদার রহমানের ছেলে সাদনান আহমেদ শুভ (২৩) এবং গাইবান্ধা সদর উপজেলার কোমরনইন কুটি পাড়া এলাকার মৃত সাজু মিয়ার ছেলে সবুজ সরকার (৩৫)।
সাদনান আহমেদ শুভ ও সবুজ সরকার-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় গ্রেপ্তারপূর্বক পলাশবাড়ী থানার নন-এফআইআর প্রসিকিউশন মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোতাল্লেব হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

