সর্বশেষ :
20 Oct 2026, Tue

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি বন্ধের দাবিতে দোহারে মানববন্ধন

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি বন্ধের দাবিতে দোহারে মানববন্ধন

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি বন্ধ, পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোহার উপজেলা ‘ফারিয়া’ (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন) ও ‘ম্যাপস্’ (মেডিকেল অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড প্রমোশন সোসাইটি) এই কর্মসূচির আয়োজন করে।

সোমবার দুপুরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত জীবনের নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- কর্মক্ষেত্রে অযাচিত হয়রানি বন্ধ, চাকরির নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলা।

বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন সময় তারা কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানি ও বৈষম্যের শিকার হন। সারাদেশে একযোগে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।

কর্মসূচি শেষে প্রতিনিধিরা তাদের দাবি-সংবলিত স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *