কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপির ৫ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। মাদক নির্মূলে পুলিশের এমন ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয়রা। কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
আটককৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে রবিউল ইসলাম।
মিরপুর থানা হেফাজতে নেওয়া ৫ জনের মধ্যে রয়েছেন- মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নওদা আজমপুর এলাকার নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার জামায়াত নেতা পরিচয়দানকারী মেহের আলী মালিথার ছেলে ও সদরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক ব্যবসা নির্মূলে কঠোরভাবে কাজ করছে পুলিশ। শনিবার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে পুলিশ আটক করলে রাতে থানায় বিএনপি ও জামায়াত নেতার পরিচয়ে ৫ জন ব্যক্তি তাকে ছাড়ানোর জন্য তদবির করতে আসেন। এ ঘটনায় মাদক ব্যবসায়ীর পক্ষে তদবির করার অভিযোগে জামায়াতের ৪ জন ও বিএনপির ১ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

