ছোটন বিশ্বাস, (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান-এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমসাময়িক ঘটে যাওয়া তথ্যনির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
উত্তরে নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জনসাধারণ যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারেন সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো বিষয়ে সমস্যা হলে আপনারা আমাকে ফোনে, লিখিতভাবে অথবা সরাসরি সাক্ষাৎ করে অভিযোগ জানাতে পারেন। তিনি সমস্যার সমাধানের আশ্বাস দেন।
উক্ত মতবিনিময় সভায় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সম্পাদক এইচএম প্রফুল্ল, যুগ্ম সম্পাদক সমীর মল্লিকসহ খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

