সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি

পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ভীমপুর গ্রামের (বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হকের বাড়ির এক বাড়ি পরেই) মোঃ আফজাল হোসেনের গোয়ালঘরে সিঁধ কেটে ৪টি গরু চুরি হয়েছে। বুধবার রাতে আফজালের ইটের তৈরি গোয়ালঘরের দেয়াল ভেঙে চোরেরা বিদেশি জাতের ৩টি গাভী ও একটি দুধের বাছুর চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মধ্যে একটি গাভী দুধ দিচ্ছিল, অপর ২টি গাভী কিছুদিন পর বাছুর প্রসব করত বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। গরু ৪টির বর্তমান বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানায় আফজালের পরিবার।

আফজাল হোসেনের বড় ছেলে বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত ৩টার সময় ঘুম ভেঙে যায়। টিউবওয়েলে যেতে গিয়ে দেখেন গোয়ালঘরের দেয়ালের একটি বড় অংশ ভাঙা এবং একটি গরুও নেই। এসময় তিনি বাড়ির সবাইকে ঘুম থেকে জাগিয়ে বিষয়টি জানান।

আফজাল হোসেন বলেন, রাতে ঝড়বৃষ্টির সময় তিনি বাড়ির বারান্দায় বসে ছিলেন। ঝড়বৃষ্টি থেমে গেলে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে চোরেরা সম্ভবত গোয়ালঘরের দেয়াল ভেঙে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় তার সংসারে বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

আফজালের পরিবার আরও জানায়, সংসারের বিভিন্ন জিনিস বিক্রি করে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরুগুলো লালন-পালন করা হয়েছিল। চুরির ঘটনায় পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

গরু চুরির বিষয়টি রাতেই থানার ওসি হাফিজ মোঃ রায়হানকে অবহিত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান নাজমুল হক। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকেও বিভিন্ন স্থানে অনুসন্ধান ও খোঁজখবর নিতে বলা হয়েছে বলে জানান থানার ওসি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *