মশিউর রহমান বাবু (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচা কফিল উদ্দিন মাস্টার (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তন হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন মাস্টার ওই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
আহতরা হলেন- নিহত কফিল উদ্দিন মাস্টারের স্ত্রী পান্না বেগম (৫০), একই গ্রামের মধু মিয়ার স্ত্রী দুলুফা বেগম (৩২), আব্দুর রহিম মিয়ার তিন ছেলে মতিয়ার রহমান (৪২), মধু মিয়া (৩৯) ও আতোয়ার রহমান (৩৫)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে তার আপন ভাতিজা আব্দুল জলিল মেম্বারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

