আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত ক্ষুদে (বালক-বালিকা) শিক্ষার্থীদের অংশগ্রহণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে সমাপনী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল রাধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। অপরদিকে বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ২-০ গোলে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল খেলা উপভোগ করতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় জয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রীতা রানী মহন্ত, সহকারী শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডু সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।

