দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় কয়েকটি চাইনিজ ও সাধারণ রেস্টুরেন্টে অনৈতিক কার্যকলাপের অভিযোগে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ। এ সময় ‘ড্রিম জোন চাইনিজ’ রেস্টুরেন্টের সব গোপন কক্ষ থেকে পর্দা অপসারণ করা হয়।
পরে জয়পাড়া স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল কাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে দোহার থানা পুলিশ সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ জানান, কোনো চাইনিজ বা রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে বা এ ধরনের কার্যকলাপের সুযোগ দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

