দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর গোড়াবন এলাকা থেকে রবিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বালু ব্যবসায়ী মো. শরীয়তউল্লাহকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি জানান, শরীয়তউল্লাহকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, তিনি আওয়ামী লীগ সরকারের সময় বালু ব্যবসা ও ইটভাটাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, ওই সময় তিনি প্রভাব খাটিয়ে বালু ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এবং এ খাতে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।
এছাড়া এলাকাবাসীর একটি অংশের দাবি, তিনি ক্ষমতার প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন দোহারের বালু ব্যবসা নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

