সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে দরজা ভেঙে গরু চুরি

পাঁচবিবিতে দরজা ভেঙে গরু চুরি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ঢাকা পট্টি চৌকিদারপাড়ার নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর তিনটি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে ইতির বাড়ির টিনের দরজা ভেঙে চোরেরা একদিন বয়সী একটি বাছুরসহ ফ্রিজিয়ান জাতের একটি গাভী ও একটি দেশি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলো উদ্ধারের আশায় নিপেন সরকার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, শনিবার গভীর রাতে চোরেরা বাড়ির দরজা ভেঙে গোয়ালঘরে প্রবেশ করে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান নিপেন সরকার। এর দুই দিন আগেও পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকায় মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের অস্ট্রেলিয়ান জাতের একটি দুধেল গাভী ও বাছুর চুরি হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে নিপেনের বাড়িতে গেলে কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রী ইতি বলেন, চোর আমাকে নিঃস্ব করে দিয়েছে।

তিনি আরও জানান, আশা, জিআরডিএম, এসডিএস, জাকস ফাউন্ডেশন, গাক ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও থেকে প্রায় ৮ লাখ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর তৈরি করে একটি বিদেশি গাভী ও একটি দেশি গরু কিনেছিলেন। গাভীর দুধ বিক্রি করে কিস্তি পরিশোধ করতেন। এখন কীভাবে কিস্তি পরিশোধ করবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

পাঁচবিবি সার্কেলের এএসপি মো. তুহিন রেজা এ বিষয়ে বলেন, গরু চুরির অভিযোগ পেলে থানা পুলিশ যথাসাধ্য চেষ্টা করবে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *