দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার পশ্চিম লটাখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে দোহার উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়। এ সময় কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আলম।
মৎস্য অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীর তীরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এছাড়া জালের ব্যবহৃত ‘সিক’ নিলামে ২৫% ভ্যাটসহ ৩৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

