দোহার (ঢাকা): ঢাকার দোহারে মাহমুদপুরে দিনে-দুপুরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মাহমুদপুর ইউনিয়নের চর বৈইতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে প্রবাসী ফারুক প্রামাণিকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফারুক প্রামাণিকের স্ত্রী জানান, সকালে তিনি ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হন। এরপর বেলা ১১টার দিকে তাঁর মেয়েও কৃষিজমি দেখাশোনার জন্য বাড়ি থেকে বের হন। বিকেল ৫টার দিকে তারা বাড়িতে ফিরে দেখেন, ঘরের জানালার গ্রিল কাটা। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, চোরচক্র আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে।
এ সময় চোরেরা পুরো ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে মালামাল এলোমেলো করে রেখে যায়।
খবর পেয়ে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুবাইদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

