আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোকে সাবলম্বী করা ও আত্মসম্মানের সঙ্গে জীবন-জীবিকা পরিচালনার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে সাড়ে ৭০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে। বুধবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে সরকারের দেওয়া প্রণোদনার ছাগলগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া উপজেলার মৎস্য চাষের প্রসার বৃদ্ধির লক্ষ্যে চাষিদের মাঝেও বিভিন্ন প্রণোদনা বিতরণ করা হয়।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের উপস্থিতিতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন প্রণোদনার ছাগলগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, ভেটেরিনারি সার্জন ডা. ফয়সাল রাব্বি এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন।

