তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ১৪৫ ধারা ভঙ্গ করে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার জিয়ালা নলতা গ্রামে ঘটেছে। জবর দখলকারী ব্যক্তিরা হলেন জিয়ালা নলতা গ্রামের কেসমত আলী খাঁর ছেলে আল-আমিন খাঁ (২৬) এবং একই গ্রামের হোচেন আলী শেখের ছেলে মুকুল শেখ (৩৭)। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জমির মালিক নাসির নিকারী জানান, আমি ১২.০৯.২৪ তারিখে জিয়ালা নলতা গ্রামের মৃত শেখ আ. ওহাব শেখের ছেলে এস এম আহাদুজ্জামানের নিকট থেকে ৩১৪৮/২৪ নং দলিলে আটারই মৌজার ১১৪১ খতিয়ানে এসএ ২৫৪৮, বর্তমান ডিপি ৪৩৪২ দাগের ১৭ শতক জমির মধ্যে থেকে ৫.০৩ শতক জমি ক্রয় করি। ক্রয় করে ভোগদখলকালীন সময়ে তারা জবরদখলের চেষ্টা করে। সে সময় আমি আদালতে গিয়ে ১৪৫ ধারায় একটি মামলা করি। যার তদন্তকারী কর্মকর্তা, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন আমার পক্ষে আসে।
হঠাৎ আজ মঙ্গলবার সকালে আল-আমিন গংরা আমার জমিতে লাগানো কলাগাছ কেটে সাবাড় করে দেয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। তিনি আরও জানান, শেখ আ. ওয়াহাবের ছেলে তানভীর হোসেন বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপে লিখিত হুমকি-ধামকি দেয় এবং জীবননাশেরও হুমকি দিয়েছে। এ সময় নাসির নিকারী তার ওপর জুলুম-অত্যাচারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ন্যায়বিচার দাবি করেন।
এ বিষয়ে আল-আমিনের ব্যবহৃত মোবাইল ফোনে বারবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউপি সদস্য বায়েজিদ হোসেন জানান, নাসির নিকারীর ক্রয় করা জমি নিয়ে শালিশ হয়েছে। নাসির যেখান থেকে নিতে চায়, সেখান থেকে তারা দিতে চায় না। তারই পরিণতিতে নাসিরের রোপণ করা কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে।
news

