সর্বশেষ :
20 Oct 2026, Tue

প্রবাসের প্রেম থেকে ট্র্যাজেডি-দোহারে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

প্রবাসের প্রেম থেকে ট্র্যাজেডি-দোহারে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার উপজেলায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেন (৩৬)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রবাসে একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ভিকটিমের সঙ্গে ইসমাইল হোসেনের পরিচয় হয়। প্রায় ৭ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল এবং এর জেরে আসামি ভিকটিমকে প্রায়ই নির্যাতন করত।

ঘটনার এক মাস আগে ভিকটিম দেশে ফিরে এলে ইসমাইলও দেশে এসে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। গত ১৪ মার্চ ২০২৬ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে ইসমাইল ভিকটিমকে মোবাইল ফোনে দোহার থানাধীন নয়াবাড়ী এলাকায় তার বাবার বাড়ির বাইরে ডেকে নেয়। পরে ভিকটিমের চিৎকার শুনে পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে দোহার থানায় ১৬ মার্চ ২০২৬ তারিখে পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ আসামিকে গ্রেফতারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে র‌্যাব-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায়, র‌্যাব-১১-এর সহযোগিতায় নোয়াখালীর চরজব্বার এলাকা থেকে প্রধান আসামি ইসমাইল হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *