বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগে অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার এলাকাবাসীর আয়োজনে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়।
বেলা ১১টা ৩১ মিনিট থেকে দুপুর ১২টা ৯ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখা হয়। এতে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খানের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ২১ মার্চ রোববার পারিবারিক কলহের জের ধরে সেনা সদস্যের ছুরিকাঘাতে সাকিবুল হাসান সিজান নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়ে রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত সেনা সদস্য আমিনুল ইসলাম বাবু পৌর শহরের জামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের দীঘিনালা ইউনিটে স্কয়ার বেঙ্গল রেজিমেন্টে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

