বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করার প্রতিবাদে হামলা চালিয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাসুদেব সরকার ও লিয়ন মিয়া @ মুন্না নামে দুই যুবকের বিরুদ্ধে। রোববার (৮ মার্চ) সকালে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরশহরের জামালপুর গ্রামের সাদেক আলীর ছেলে দুলাল সরকার।
অভিযুক্ত রাসুদেব সরকার মহেশপুর গ্রামের অপূর্ব সরকারের ছেলে এবং লিয়ন মিয়া @ মুন্না নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।
ভুক্তভোগী দুলাল সরকার তার লিখিত বক্তব্যে বলেন, রাসুদেব সরকার ও মো. লিয়ন মিয়া @ মুন্নাসহ অপরিচিত আরও ৩/৪ জন ব্যক্তি শহরের লিপি হোটেল সংলগ্ন ফ্লেক্সি ও বিকাশের দোকানকে কেন্দ্র করে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে এলাকায় প্রতিদিন মাদকসেবীদের ভিড় জমে। তাদের এ ধরনের অসামাজিক কাজে বাধা দিতে গেলে তারা বিভিন্ন সময় খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিকেলে অজ্ঞাত কয়েকজন মাদকসেবী তাদের বিকাশের দোকানের পেছনে মাদক সেবন করছিল। এ সময় ভুক্তভোগী দুলাল সরকার তাদের হাতেনাতে ধরে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীদের পক্ষ নিয়ে দুলালকে এলোপাতাড়ি মারধর করে রাসুদেব ও মুন্না। এ সময় দুলালের পকেটে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
দুলালকে বাঁচাতে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুলালকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন দুলাল সরকার।

