মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি তাঁর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নিজ উপজেলা কুলিয়ারচরে প্রথম সফরে এসে ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন।
২৮ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী সফরকালে তিনি প্রথমে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে গিয়ে ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি ঘোষিত অবরোধ চলাকালে পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন কৃষকদলের সভাপতি শহীদ বিল্লাল হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ’র কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও সমবেদনা জানান। এছাড়া ২০১৪ সালে অবরোধ চলাকালে পুলিশের টিয়ারশেলের আঘাতে নিহত রামদী ইউনিয়ন যুবদলের সদস্য শহীদ হাসান আলীর কবর জিয়ারত করেন। একই সফরে সদ্য প্রয়াত কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাতের কবর জিয়ারত করেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে একটি আমগাছের চারা রোপণ করে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানে তিনি বলেন, কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে অন্যায়, অপরাধ, দুর্নীতি ও লুটপাট করেছে, তাদের বিচার করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কেউ করলে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নয়নই হবে প্রধান লক্ষ্য। বিগত সরকারের আমলে যা হয়েছে, তা আর হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। কুলিয়ারচরের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট ও শহরের আধুনিকায়নের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেল থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত তিনি কুলিয়ারচর পৌর শহরের নিজ গ্রাম বেতিয়ারকান্দির ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
সন্ধ্যায় তিনি জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় তিনি বলেন, কুলিয়ারচরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

