শিবচর (মাদারীপুর): মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কাকইর চৌরাস্তা মোড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (Local Government Engineering Department-এলজিইডি) নির্মাণাধীন সড়কের গাইড ওয়ালের নিচে কলাগাছ ব্যবহারের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, চর কাকইর এলাকার মসজিদের সামনে নির্মাণাধীন গাইড ওয়ালের একাধিক স্থানে ইটের গাঁথুনির নিচে কলাগাছ দেওয়া হয়েছে। স্থানীয়রা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে জেলায় সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় মাস আগে শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইড ওয়াল নির্মাণকাজ শুরু হয়। তবে শুরু থেকেই কাজে ধীরগতি ছিল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাব রয়েছে।
ঠিকাদার আলমগীর জমাদ্দার বলেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না এবং দায়িত্বরত রাজমিস্ত্রিকে কারণ জানতে চাওয়া হয়েছে। তিনি কলাগাছ সরিয়ে নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।
উপ-সহকারী প্রকৌশলী জামাল শিকদার জানান, নির্বাচনের পর কাজের স্থানে যাওয়া হয়নি। এ সুযোগে অনিয়ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলা নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, সরকারি কাজে গাফিলতি মেনে নেওয়া হবে না এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ঘটনাটি অগ্রহণযোগ্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, শনিবার বিকেলে গাইড ওয়ালটি ভেঙে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।

