আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় মমিনুল হক (৩৫) নামের এক যুবক গ্যাসের বড়ি খেয়ে মারা যান। মৃত মমিনুল পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গণেশপুর গ্রামের মৃত একরাব হক প্রামাণিকের ছেলে।
স্থানীয়দের ধারণা, ক্যাসিনো জুয়া খেলে সব হারিয়ে তিনি গ্যাসের বড়ি খেয়ে আত্মহত্যা করেন। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, ব্যবসার কারণে মমিনুল ঢাকায় অবস্থানকালে ক্যাসিনো জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি সব টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে মমিনুল গ্যাসের বড়ি সেবন করলে বিষক্রিয়ায় অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান মমিনুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

