ঢাকা: সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে নগদ টাকাসহ আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের এই মন্তব্য করেন।
জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই নাটক মঞ্চস্থ করছে। তিনি অভিযোগ করেন:
-
ব্যবসায়িক অর্থ: উদ্ধারকৃত টাকা কোনো নির্বাচন সংশ্লিষ্ট কাজে ব্যবহারের জন্য নয়, বরং মাওলানা বেলাল উদ্দিনের ব্যক্তিগত ব্যবসার টাকা।
-
স্বচ্ছতা: ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকা সাথে রাখা একজন ব্যবসায়ীর জন্য স্বাভাবিক। এই অর্থের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তদন্তের আগেই বিষয়টি নেতিবাচকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।
-
মানসিক নির্যাতন: আটকের পর ‘মেন্সটাল টর্চার’ বা মানসিক চাপের কারণে প্রবীণ এই নেতা অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
এর আগে দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় মাওলানা বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করে পুলিশ। এ সময় তিনি জানান, তিনি পেশায় একজন শিক্ষক এবং গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়িক কাজের প্রয়োজনে তিনি এই অর্থ বহন করছিলেন।
ব্রিফিংয়ে জুবায়ের আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দলীয় প্রার্থী ও এজেন্টদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রশাসনের কিছু কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষ নিয়ে কাজ করছেন। প্রশাসন নিরপেক্ষতা বজায় না রাখলে জনগণ তা মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

