ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি-২৯৮ আসনের অতি ঝুঁকিপূর্ণ (রেড মার্ক) কেন্দ্রগুলোতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৯৮নং খাগড়াছড়ি আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৬৮টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ (রেড মার্ক)’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাঠপর্যায়ের তথ্যে উঠে আসা এই উদ্বেগজনক বাস্তবতা সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
ইতোমধ্যে কতিপয় সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট আদায়ের লক্ষ্যে সাধারণ ভোটারদের ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করছে; এমনকি কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাও পরিলক্ষিত হচ্ছে। অনেক প্রার্থী ও তাদের কর্মীদের ওই সব এলাকায় প্রচারণায় যেতে ইতোমধ্যে নিষেধ করা হয়েছে।
এ অবস্থায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রতি অতি ঝুঁকিপূর্ণ (রেড মার্ক) কেন্দ্রগুলোতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জোর দাবি জানান প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের গণঅধিকার ফোরামের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামিয়া বিপ্লব বাংলাদেশের প্রার্থী নুর ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

