ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমাবেশে অংশ নেন ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠীর সদস্যরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী।
এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং একটি মানবিক শহর উপহার দেওয়া হবে। এই অঞ্চলের শিক্ষা ও চিকিৎসা সেবার নিশ্চয়তা প্রদান করা হবে। তাই সবাইকে এক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে ত্রিপুরা-মারমা-চাকমা সমন্বয়কারী চন্ডীনাথ ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আমির সৈয়দ আব্দুল মোমেন, মারমা প্রতিনিধি চাথোয়াই মারমা এবং ত্রিপুরা প্রতিনিধি লিচি ত্রিপুরা।

