সর্বশেষ :
20 Oct 2026, Tue

ফুঁসে উঠেছে আমজনতা: পীরগঞ্জে ডাক্তারের বদলির আদেশ বাতিলের দাবিতে হাসপাতালে মানববন্ধন

পীরগঞ্জে ডাক্তারের বদলির আদেশ বাতিলের দাবিতে হাসপাতালে মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি: পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের বদলির আদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার হাসপাতাল চত্বরে পীরগঞ্জবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

নিয়মবহির্ভূতভাবে ও বদলির নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে এ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কামাল আহমেদকে রাণীশংকৈল উপজেলায় একই পদে জরুরি ভিত্তিতে বদলি করায় এলাকার সাধারণ জনগণ প্রতিবাদ জানিয়ে ফুঁসে উঠেছে।

জানা গেছে, ডা. কামাল আহমেদ প্রায় চার মাস আগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নেন এবং রোগীদের নানামুখী সেবা নিশ্চিত করে হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেন। ঠিক সেই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তৎকালীন পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ ২০২৬ সালের ১৪ জানুয়ারি ডা. কামাল আহমেদকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরি ভিত্তিতে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে বদলি করেন।

অন্যদিকে, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পাঁচ বছর একটানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা এবং হাসপাতাল অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত ডা. আব্দুল জব্বারকে প্রায় চার মাস আগে এ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদানের জন্য কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করে। বদলির প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ করে যে, পাঁচ কার্যদিবসের মধ্যে যোগদান না করলে তাকে চাকরি থেকে অবমুক্ত করা হবে।

কিন্তু তিনি সেখানে যোগদান না করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা শতভাগ ভঙ্গ করে পুনরায় ১৮/০১/২০২৬ ইং তারিখে ডা. আব্দুল জব্বারকে এ হাসপাতালে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

ডা. আব্দুল জব্বারের বদলির ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পীরগঞ্জবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গণঅধিকার পরিষদের উপজেলা শীর্ষ নেতা অধ্যাপক আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি নেতা রাসেল রাজ, যুবদল নেতা শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা ডা. আব্দুল জব্বারের পদায়নের আদেশ বাতিল এবং জনস্বার্থে ডা. কামাল আহমেদকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *