মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে শিক্ষাকে ধ্বংস করতে হয়। সে কারণে সবাই জানে- বই না পড়ে, খাতায় না লিখেই জিপিএ-৫ পাওয়া গেছে। আওয়ামী লীগ আজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পাশ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী তারা পরিচালিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফার ভেতরে এই শিক্ষা ব্যবস্থার জন্য আলাদা বাজেট রেখেছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা আর. কে. দুলু মডেল হাই স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আর. কে. মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, আর. কে. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

