মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া আজ প্রতিটি মানুষের চিন্তা-চেতনায় মিশে আছেন। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস লেখা হবে, ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে খালেদা জিয়ার নাম।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার জন্য গত ২০ বছর ধরে আপোষহীনভাবে সংগ্রাম ও আন্দোলন করে গেছেন একজন মা ও একজন নেত্রী- বেগম খালেদা জিয়া। একটি সময় তাকে ঘর থেকে এক কাপড়ে কাঁদতে কাঁদতে বের করে দেওয়া হয়েছিল। যিনি তাকে ঘরছাড়া করেছিলেন, সেই ঘটনার দিন শুধু খালেদা জিয়াই নয়, কেঁদেছিল পুরো বাংলাদেশ।
দুলু আরও বলেন, পুলিশ ও আগুন ব্যবহার করে খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আজ দেশের ছাত্র-জনতা ও প্রায় ২০ কোটি মানুষের ভয়ে, নিজের প্রাণ বাঁচাতে শেখ হাসিনা চোরের মতো হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে।
বুধবার বিকেলে নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি-র আয়োজনে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় দোয়া মাহফিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ. এইচ. তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সহসভাপতি কাবির হোসেন কাঙ্গাল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান প্রাংসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

