বেলাল আহমদ (বান্দরবান): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে তৃণমূল পর্যায়ের ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে একটি উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এই সভার আয়োজন করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মার্মা পাড়ায় তথ্য অফিস, লামা (লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার রাশেদুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনজুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আলীকদম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম মুকুল, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলীকদম থানা; কফিল উদ্দিন, চেয়ারম্যান, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ। এছাড়াও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম মুকুল বলেন, গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখতে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি প্রশাসন নিশ্চিত করবে।
তিনি ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদানের নিয়ম-কানুন, গণভোটের প্রক্রিয়া, নির্বাচন-পূর্ব প্রস্তুতি ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সহায়ক কর্মীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

