দোহার (ঢাকা): হাড়কাঁপানো এই শীতে যখন আমরা লেপ-কম্বলের উষ্ণতায় রাত কাটাই, তখন আমাদের অতি সন্নিকটেই এক ভিন্ন চিত্র দেখা যায়। ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের এতিমখানার শিশুরা কনকনে বরফশীতল পানিতে অজু করে পরম করুণাময় আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ ও ফজরের নামাজে দণ্ডায়মান হয়। কোমলমতি এই শিশুদের এমন অবর্ণনীয় কষ্ট লাঘবে এগিয়ে এসেছে স্থানীয় মানবিক সংগঠন ‘চৈতাবাতর যুব সমাজ’।
সংগঠনটি শিশুদের এই কষ্ট অনুভব করে ইতিমধ্যে নারিশা এতিমখানায় একটি ওয়াটার হিটার (গিজার) স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এতিমখানায় শিশুর সংখ্যা অনেক বেশি হওয়ায় মাত্র একটি ওয়াটার হিটার দিয়ে সবার প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। শিশুদের নিরবচ্ছিন্ন উষ্ণ পানি নিশ্চিত করতে আরও কয়েকটি ওয়াটার হিটার স্থাপন করা জরুরি হয়ে পড়েছে।
আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক স্বচ্ছল ও হৃদয়বান মানুষ রয়েছেন। এতিম শিশুদের প্রতি সামান্য সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনিও হতে পারেন এই সওয়াব-এ-জারিয়ার গর্বিত অংশীদার। আপনার সামান্য অনুদান বা একটি ওয়াটার হিটার উপহার এই কনকনে শীতে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারে এবং তাদের ইবাদতকে সহজতর করতে পারে।
“নিশ্চয়ই দান-সদকাহ বিপদমুক্ত করে এবং কবরের আজাব থেকে রক্ষা করে।”
চৈতাবাতর যুব সমাজের এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করতে এবং এতিম শিশুদের কষ্টের ভাগ নিতে আগ্রহী ব্যক্তিবর্গকে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:
-
যোগাযোগ: চৈতাবাতর যুব সমাজ অথবা নারিশা এতিমখানার দায়িত্বরত মুহতামিম।
আসুন, আমরা যে যার সামর্থ্য অনুযায়ী এই এতিম শিশুদের পাশে দাঁড়াই। আমাদের সামান্য ত্যাগে যদি একটি শিশুও শীতের কষ্ট থেকে মুক্তি পায়, তবে সেটাই হবে মানবতার সার্থকতা।

