ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পার্বত্য জেলা খাগড়াছড়িতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করার দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে এলপিজি গ্যাসের দাম মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার।
এ সময় খাগড়াছড়ি পৌর শহরের মেসার্স জজনী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে গ্রাহকদের কাছে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার জানান, বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারায় মেসার্স জজনী ট্রেডার্সকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

