সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার

নাটোরে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম এলাকায় একটি আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. জুয়েল (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুয়েল নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মো. সোনা মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে জুয়েল নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১০টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী মোছা. কলি খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রতিবেশী মাহাবুব হোসেন একটি আমগাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি নিহতের স্ত্রীকে জানান।

পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে, জুয়েল স্থানীয় জনৈক আমিনের আমবাগানে একটি আমগাছের ডালের সঙ্গে মাফলার ও রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জুয়েল পারিবারিক অভাব-অনটন, আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *