কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। এর মধ্যে প্রায় ৩৫টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন-এর লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, ক্যাম্পের বাসিন্দা ফাতেমা আক্তারের ঘরে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

