সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দিলেন

বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দিলেন

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ রোববার দুপুর ২টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন-এর হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এর আগে বিএনপি তাকে এই আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রদান করে। আজ নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।

আগামীকাল এই আসনে জামায়াতে ইসলামী-এর দাড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার। আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার।

রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

এ পর্যন্ত জেলার চারটি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩৫ জন তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

নাটোর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা হলো- নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ৩,৬৮,২৭৬ জন, নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে ৪,৬৮,০৮৬ জন, নাটোর-৩ (সিংড়া) আসনে ৩,২৬,০৭২ জন এবং নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে ৪,৪৫,০৭২ জন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *