সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালা হাসপাতালে শিশুদের টিকা না দিয়ে কর্মবিরতি- বিপাকে অভিভাবকরা

তালা হাসপাতালে শিশুদের টিকা না দিয়ে কর্মবিরতি- বিপাকে অভিভাবকরা

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় অবস্থিত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে টিকা দিতে আসা ৬ মাস থেকে ২ বছর বয়সী শিশুদের টিকা না দিয়ে কর্মবিরতি পালন করছেন ইপিআই কর্মকর্তা-কর্মচারীরা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিশুদের অভিভাবকরা।

অভিযোগ রয়েছে, সকাল থেকে শিশুদের নিয়ে হাসপাতালের ইপিআই সেন্টারে অপেক্ষা করলেও টিকা প্রদান করা হয়নি। এ বিষয়ে তালা হাসপাতালের টিএইচএ জানান, ইপিআই কর্মীরা কর্মবিরতি পালন করায় তার কিছু করার নেই। অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, ছোট ছোট শিশুদের নিয়ে এসে তারা বারবার হয়রানির শিকার হচ্ছেন।

ইপিআই কর্মকর্তারা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরে যাবেন না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তালা হাসপাতালে গিয়ে এমন দৃশ্য সাংবাদিকদের নজরে আসে।

ভুক্তভোগী শিশুদের অভিভাবক উপজেলার ঘোষনগর গ্রামের বিশ্বজিৎ আইচ, গোনালী গ্রামের তাপস দাস, ইজিবাইক চালক শফিকুল ইসলাম, দেবব্রত দাস, নির্মল কর্মকার, শহিদুল ইসলামসহ আরও অনেকে জানান, সকাল ৯টা থেকে শিশুদের টিকা দেওয়ার জন্য ইপিআই সেন্টারে বসে আছি। কিন্তু আমাদের শিশুদের টিকা না দিয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে।

অভিভাবকরা আক্ষেপ করে বলেন, “আমাদের শিশুদের জীবনের চেয়েও কি দাবি আদায়ের কর্মবিরতি বেশি গুরুত্বপূর্ণ? এভাবে স্বাস্থ্যসেবার অবনতি হলে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রয়োজনই বা কী ছিল?” তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ অবস্থা চলতে থাকলে শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার জানান, ইপিআই সেন্টারে আমার দুইজন অভিজ্ঞ নার্স নিয়োজিত রয়েছে। একজন ছুটিতে এবং অন্যজন নাইট ডিউটি করায় আজ উপস্থিত হতে পারেনি। পাশাপাশি ইপিআই কর্মচারীরা কর্মবিরতিতে থাকায় এ বিষয়ে আমার করার কিছু নেই।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *