বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর মাসব্যাপী দায়িত্বশীল, স্বচ্ছ ও দক্ষ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ সম্মাননা’ অর্জন করেছেন। ১৭ ডিসেম্বর বান্দরবান পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক তাঁর হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভার আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, সময়মতো হিসাব প্রস্তুত, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্বের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক বলেন, নুরুল আমিন চৌধুরী আরমানের নিষ্ঠা ও কর্মদক্ষতা পৌরসভার আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করেছে, যা অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
সম্মাননা গ্রহণকালে নুরুল আমিন চৌধুরী আরমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
এ ছাড়াও নুরুল আমিন চৌধুরী আরমান বান্দরবান পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনে দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করে আসছেন।

