সর্বশেষ :
20 Oct 2026, Tue

মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে কুলিয়ারচরের নাজনীন আক্তার

মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে কুলিয়ারচরের নাজনীন আক্তার

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): ২০২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিকেল কলেজ-এ ভর্তির সুযোগ পেয়েছে মোছা. নাজনীন আক্তার। সে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ-এর ছাত্রী এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কোনাবাড়ী গ্রামের নাজমুল হুদা ও মজিদা খাতুন দম্পতির কন্যা।

তার পিতা নাজমুল হুদা বর্ডার গার্ড বাংলাদেশ-এ কর্মরত। নাজনীন আক্তার বীর মুক্তিযোদ্ধা মরহুম মহরম আলী ও কুলিয়ারচর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়ার নাতনী।

গত ১২ ডিসেম্বর শুক্রবার সে ঢাকা ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১৪ ডিসেম্বর রোববার বিকেলে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, মোছা. নাজনীন আক্তার ৭৯.৫০ নম্বর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেছে।

এর আগে সে ২০২৩ সালে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন-৫ পেয়ে উত্তীর্ণ হয় এবং চলতি ২০২৬ সালে একইভাবে এইচএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন-৫ অর্জন করে।

নাজনীন আক্তার বলেন, “মা-বাবা ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতায় আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হতে চাই।”

নাজনীন আক্তারের পিতা নাজমুল হুদা ও মাতা মজিদা খাতুন বলেন, “আমাদের মেয়ের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস ছিল। সে আমাদের আশা পূরণ করেছে। তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। পড়াশোনার প্রতি তার আগ্রহ সবসময়ই ছিল।” তারা সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন।

এ বিষয়ে ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আবু সাঈদ বলেন, “নাজনীন আক্তার অত্যন্ত মেধাবী ছাত্রী। আমাদের কলেজ থেকে সে সবসময় ভালো ফলাফল করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *