সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): কুলিয়ারচর, কিশোরগঞ্জ-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে কুলিয়ারচর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন পুলিশ প্রশাসন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুলিয়ারচর পৌর শহরের বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলিয়ারচর থানা পুলিশ, কুলিয়ারচর প্রেসক্লাব, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস, কুলিয়ারচর পৌরসভা, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা কমিটি, জাতীয়তাবাদী উলামা দল কুলিয়ারচর উপজেলা শাখা, শহীদ সেলিম স্মৃতি সংসদ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কুলিয়ারচর উপজেলা শাখা, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মৎস্যজীবী দল, শ্রমিক দল, উপজেলা ও পৌর প্রবাসী জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

এছাড়াও অংশ নেয় উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুলিয়ারচর উপজেলা কমিটি, তিয়ানশী বাংলাদেশ কো. লি., কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা আবাসিক প্রকৌশলী দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ, বিএডিসি সেচ ভবন, আনসার ও ভিডিপি, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কুলিয়ারচর জোনাল অফিস), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিবন্ধী স্কুল, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোজাম্মেল হক।

সকাল ৯টায় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। পরে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়ান ইউএনও মো. ইয়াসিন খন্দকার এবং থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী।

সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মো. ইয়াসিন খন্দকার বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের এক অনন্য গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন পরিদর্শন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১১টায় থানা সংলগ্ন মাঠে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য) পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

বাদ যোহর ও সুবিধাজনক সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

দুপুর ২টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বেলা সাড়ে ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মহান বিজয় দিবসের তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *