সর্বশেষ :
20 Oct 2026, Tue

ওসমান হাদি ও এরশাদ উল্লাহকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ওসমান হাদি ও এরশাদ উল্লাহকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে খাগড়াছড়ি জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

প্রতিবাদ সমাবেশে যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

সমাবেশে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। তাদের সন্ত্রাসীদের মাধ্যমে মনোনীত প্রার্থীদের হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে, যাতে আসন্ন নির্বাচন বন্ধ করা যায়। বিগত ১৭ বছর এ দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করে দিয়েছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের এ দেশের মাটিতে কোনো ঠাঁই দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের গুলি করে হত্যাচেষ্টার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ানসহ খাগড়াছড়ি জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *