স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র পুলিশ লাইনের সামনে জনতা ব্যাংক পিএলসি, কুষ্টিয়া এরিয়া অফিসে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন এরিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ব্যাংকের ১৩টি শাখার শাখা ব্যবস্থাপকরা। জনতা ব্যাংক পিএলসি কুষ্টিয়া এরিয়া অফিস এ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।
মোনাজাত পরিচালনা করেন জনতা ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসার মশিউর রহমান।
দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি কুষ্টিয়া এরিয়ার উপ-মহাব্যবস্থাপক সাহা চঞ্চল কুমার, সহকারী মহাব্যবস্থাপক মনিরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান এবং উপ-মহাব্যবস্থাপক সাহানারা খাতুন।
উপ-মহাব্যবস্থাপক সাহা চঞ্চল কুমার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের আপোষহীন নেত্রী। তার ওপর জেল-জুলুম, অত্যাচার চালানো হলেও তিনি কখনোই আপোষ করেননি। তিনি সবসময় এ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি আপোষ করলে আজ তার এই পরিণতি হতো না। তিনি সবসময় দেশকে নিয়ে ভেবেছেন- কিসে জনগণের কল্যাণ হয়। তার অবদান এ দেশের মানুষ কখনো ভুলতে পারবে না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশ ও জনগণের কল্যাণে হাল ধরবেন- এটাই আমাদের প্রত্যাশা।

