মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা মাওলানা মো. কবির হোসাইন ন্যায়, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচরে ব্যাপক গণসংযোগ করে ভোটের মাঠ গোছাচ্ছেন।
দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন ভোরবেলা হতে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লার আনাচে-কানাচে গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে সকলের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায়, ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ২৬ নভেম্বর বুধবার ভোরবেলা হিম সকালে, সূর্যের আলো তখন পূর্বাকাশে উঁকি দিয়ে উঠেছে মাত্র, ঠিক তখন একদল নেতা-কর্মীদের সাথে নিয়ে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া মোড়স্থ চক বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মো. কবির হোসাইন সকলের উদ্দেশ্যে বলেন, আমরা জনগণের সেবক হবো, শাসক হবো না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নূরুল আলম ও সেক্রেটারি জুবায়ের আহাম্মেদ সহ দলীয় নেতা-কর্মীরা।
দলীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে, ইতোমধ্যে অনেকের মন জয় করে নিয়েছেন কবির হোসাইন।

