ঢাকা: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যা দ্রুত ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে। বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ বা ২৭ নভেম্বরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম ‘সেনিয়ার’ (অর্থ: সিংহ)।
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে নতুন লঘুচাপ তৈরি হতে পারে। ইতোমধ্যে মালাক্কা প্রণালী-আন্দামান সাগরের নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
ভারতীয় আবহাওয়া বিভাগের মতে, সমুদ্রের অনুকূল পরিবেশে সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আপাতত আন্দামান অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ২৫-২৭ নভেম্বর গভীর নিম্নচাপ, এরপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। ২৮-২৯ নভেম্বর এটি মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে আরও শক্তিশালী হতে পারে।
১-২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ উপকূলের মধ্যে কোথাও আঘাত হানতে পারে, তবে সুনির্দিষ্ট স্থান এখনো নির্ধারণ করা যায়নি।
২৬-৩০ নভেম্বর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০-১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবীদের অতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

