আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সামাদ পাভেল (২৭) গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার হবিগঞ্জ রোডের রূপসী বাংলা কাউন্টারের সামনে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. আনিছুর রহমানসহ পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এসময় আরামবাগ আবাসিক এলাকায় বসবাসকারী মৃত সিরাজ মিয়ার পুত্র আব্দুস সামাদ পাভেলের নিকট থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়- গ্রেপ্তারকৃত পাভেল আরামবাগ এলাকায় একজন কুখ্যাত ও পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
অভিযানে পাভেল ছাড়াও তার সহযোগী পলাতক রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত পাভেলসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

