ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি সদরস্থ ভাইবোনছড়ায় খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে পাহাড়ী সম্প্রদায়ের সাথে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) খাগড়াছড়ি সদর উপজেলার বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি, বিএনপির একাদশ সংসদ পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, বিএনপি দলটি শহীদ জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে কাজ করতে চাই। পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। অশান্ত পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আসন্ন সংসদ নির্বাচনে পাহাড়ের উন্নয়নে কাজ করার জন্য ‘ধানের শীষে’ ভোট চান তিনি।
সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

