সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় নদীর তীরবর্তী খাস জমিতে তামাক চাষ পরিহার: কৃষকদের মাঝে সচেতনতা সভা অনুষ্ঠিত

লামায় নদীর তীরবর্তী খাস জমিতে তামাক চাষ পরিহার: কৃষকদের মাঝে সচেতনতা সভা অনুষ্ঠিত, কালের বার্তা

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামায় নদীর তীর থেকে ৫০ ফুট পর্যন্ত সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পানির উৎস সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ‘ব্রিটিশ টোব্যাকো’ লামা এরিয়ার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে নদীর তীরবর্তী অঞ্চলে তামাক চাষের পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, তামাক চাষের ফলে ভূমির উর্বরতা হ্রাস পায় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর তীর থেকে ৫০ ফুট সরকারি খাস জমিতে তামাক চাষ কঠোরভাবে নিষিদ্ধ করার গুরুত্বের ওপরও তিনি জোর দেন।

আলোচনা সভা শেষে উপস্থিত মোট ৩৯৩ জন কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়। সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টি, বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

সভায় লামা পৌরসভার সহকারী প্রকৌশলী রুই প্রু অং মার্মা, কর নির্ধারক নূর মোহাম্মদ, স্থানীয় সাংবাদিক এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *