ঢাকা: আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচি চলাকালীনও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাসে যাত্রী সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় টার্মিনালগুলো প্রায় যাত্রীশূন্য পড়ে আছে।
সকালে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালের কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রী সংখ্যা ছিল খুবই কম।
টার্মিনাল এলাকায় সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও বেশিরভাগই ফাঁকা। এক পরিবহন কর্মী জানান, সাধারণ দিনে সকাল ৯টার আগেই অনেক গাড়ি ছেড়ে যায়, কিন্তু আজ যাত্রী না থাকায় কোনো বাস ছাড়েনি।
জরুরি কাজে বের হওয়া যাত্রী মোশারফ হোসেন বলেন, রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও ‘গাড়ি পোড়ানোর রাজনীতি’ নিয়ে তিনি উদ্বিগ্ন।
এদিকে রাস্তায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নজরদারি এবং ছাত্রদলের মোটরসাইকেল মহড়া দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল মোতায়েন রয়েছে।

